মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৩ এএম
বিশ্বের অন্যান্য দেশের মত নানা আয়োজনে বাংলাদেশেও গত বুধবার পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন দাবিতে সাধারণ শ্রমিক এবং শ্রমিক সংগঠনগুলো সোচ্চার ছিল। সরকার, রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রমিক সংগঠন বর্ণাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশ, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দৈনিক আট ঘণ্টা কর্ম, নূন্যতম মজুরি ১৬ হাজার টাকা করা, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার, নিরাপদ কর্মস্থল, কল-কারখানায় দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও শ্রমিক নির্যাতন-নিপীড়ন বন্ধের পুরনো দাবিগুলেই আবার উঠে আসে মে দিবসে ঢাকায় শ্রমিক সংগঠনগুলোর কর্মসূচিতে।
আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে গত বুধবার সরকারি ছুটির দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিক সংগঠনগুলোর লাল পতাকা মিছিল, শোভাযাত্রা আর সমাবেশে মুখর ছিল রাজধানীর রাজপথ। শ্রমিক লীগ, শ্রমিক দল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টসহ নানা ক্ষেত্রের শ্রমিক সংগঠনগুলো জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড়সহ আশপাশের এলাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে। শ্রমিক স্বার্থ রক্ষায় সরকার ও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সংগঠনগুলোর নেতারা।
রক্তাক্ত এক ইতিহাস পেরিয়ে ১৮৯০ সাল থেকে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে মে দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে ধর্মঘট শুরু করেছিল। সেই আন্দোলন দমনে শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে বিক্ষোভ। প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়। এরপর ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। পরের বছর থেকে বিশ্বজুড়ে পালন শুরু হয় দিনটি।
পুরানা পল্টন মোড়ে গত বুধবার শ্রমিক ফেডারেশনের সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সরকারের মালিক-শ্রমিক ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন। মে দিবস উপলক্ষে শ্রম মন্ত্রণালয়ের ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ স্লোগানের সমালোচনা করে তিনি বলেন, সরকার কার স্বার্থে মালিকদের সঙ্গে শ্রমিকদের ঐক্য গড়ার শপথ করালেন। গত ১০ বছরে উপরতলার মানুষের সম্পদ বেড়েছে ১৫৫ শতাংশ আর নিচ তলার মানুষের সম্পদ কমেছে ১২১ শতাংশ। আপনারা (উপরতলা) বাড়ির পর বাড়ি করছেন আর আমাদের গার্মেন্টস শ্রমিকরা যুগ যুগ ধরে ঝুপড়ি ঘরে বাস করছে। তাদের জন্য একটি ডরমিটরিরও ব্যবস্থা করতে পারেননি।
একটি সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে সাবেক মন্ত্রী মেনন বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের ৫৮ শতাংশ মানসিক, ২১ শতাংশ যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতনকারী সেই মালিকদের সঙ্গে সরকার শ্রমিকদের ঐক্য করতে বলেছেন!’ মালিকদের সঙ্গে ঐক্য না করে সবগুলো শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে এই বাম নেতা বলেন, শ্রমিক সব সংগঠনগুলোর ঐক্য করতে পারলে সব দাবি আদায় হবে। সমাবেশ থেকে তৈরি পোশাককর্মীদের মাতৃত্বকালীন ছুটি দুই মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার দাবি জানানো হয়। সব কারখানায় মজুরি কাঠামো বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত, চাকরিচ্যুত ১১ হাজার গার্মিন্টস শ্রমিককে পুনঃনিয়োগ ও শ্রমিক ও শ্রমিক নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ১৩ দফা দাবি তুলে ধরা হয় সমাবেশে।
পল্টন এলাকার মুক্তাঙ্গনে সমাবেশ করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, যাতে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। মালিবাগ এলাকার লুমান গার্মেন্ট, লোপা গার্মেন্ট, খিলগাঁও এলাকার সিসিলি গার্মেন্ট, রামপুরার টেকনোটেস্ট গার্মেন্ট, গাজীপুর চৌরাস্তা এলাকার ইনট্রামেক্স গার্মেন্টসহ নূন্যতম দুই থেকে চার মাসের বেতন বকেয়া পড়েছে এমন অন্তত আটটি গার্মেন্টসের শ্রমিকরা এ সমাবেশে অংশ নেয়। সমাবেশে সিপিবি সভাপতি সেলিম বলেন, স্বাধীনতার আগে এদেশের শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হত না। দেশ স্বাধীনের পর আমাদের ওয়াদা ছিল দেশের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাবে, কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পাবে। কিন্তু হাসিনা সরকারের আমলে ন্যায্য মজুরি তো দূরে থাক, শ্রমিকরা পাওনা মজুরিটাই পাচ্ছে না। সেই পাওনাটা চাইতে গেলেও সরকারের পুলিশ শ্রমিকদের পেটাচ্ছে, সাদা পোশাকে ধরে নেওয়া হচ্ছে, মামলা দিচ্ছে।
মালিকরা তাদের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিচ্ছে। দেশের কোনো গার্মেন্টসে ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না দাবি করে সেলিম বলেন, ‘যতই দমন-নিপীড়ন করেন মাথার ঘাম পায়ে ফেলে, জীবনীশক্তি ক্ষয় করে যে শ্রমিক দিনরাত কাজ করছে, সে তার পাওনাও আদায় করতে পারবে। ন্যায্য ও পাওনা মজুরি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সিপিবি সভাপতি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করেন। না হলে কড়ায় গণ্ডায় বকেয়া মজুরি আদায় করবে শ্রমিকরা। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাদিকুর রহমান শামীম, মঞ্জুর মঈন প্রমুখ।
বিকল্প কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ফুটপাতের এক-তৃতীয়াংশে বেলা ১২টা থেকে বসতে দেওয়ার দাবি জানিয়ে সমাবেশ করে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। প্রধানমন্ত্রী ফুটপাতের হকারদের নিয়ে যে ঘোষণা দিয়েছেন, তা বৃহস্পবিারের মধ্যে সিটি করপোরেশন বাস্তবায়ন না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন হকার নেতারা। দুপুরে বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন সড়কে সমাবেশে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গত ২৪ এপ্রিল সংসদে বলেছেন, সপ্তাহে ছুটির দুই দিন হকাররা ফুটপাতে বসতে পারবে। আর বাকি ৫ দিন নির্দিষ্ট সময় বসতে পারবে। সমাবেশে সংগঠনটির কার্যকরি সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল, সভাপতি আবুল হোসেন কবীর, সহ-সভাপতি মো. আবুল কালাম, মো. শহীদ, সাংগঠনিক সম্পাদক হাসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হযরত আলী বক্তব্য রাখেন।
নিয়োগপত্রের দাবি জানিয়ে মুক্তাঙ্গনে সমাবেশ করেছে প্রাইভেটকার ড্রাইভার্স ইউনিয়ন। সমাবেশে সংগঠনটির যুগ্ম সম্পাদক হযরত আলী বলেন, বাস, ট্রাক, ভ্যান বা কোম্পানির গাড়ির চালকদের অনেক ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হলেও প্রাইভেটকার চালকদের নিয়োগপত্র দেওয়া হয় না। ফলে তার কর্মঘণ্টা থাকে না। যখন খুশি তখন ডিউটি করতে হয়। এমনকি সারাদিন ডিউটি করতে হয়। যে কারণে সে ওভারটাইমের মজুরি পায় না। তাই প্রাইভেটকার চালকদের জন্য নিয়োগপত্র, ওভারটাইমের মজুরি পাওয়ার নীতিমালা করার দাবি জানাচ্ছি। দক্ষ চালক তৈরি করতে বিআরটিএ’র দুর্নীতি, হয়রানি বন্ধ করারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা ইয়াসিন স্বপন, আহ্বায়ক রুহুল আমিন, সদস্য মোমতাজ মো. তৌফিক, জাহিদ নগর, সাইফুল।
আওয়ামী লীগ সমর্থিত জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতে সংগঠন ও দলীয় নেতারা বক্তব্য রাখেন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী শ্রমিক দল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে। তার আগে সেখানে সমাবেশ করে তারা। বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক সংগঠনের প্ল্যাটফর্ম শ্রমজীবী ও শিল্প রক্ষা আন্দোলনের সমাবেশ থেকে শ্রম আইনের শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা বাদ দেওয়ার দাবি জানানো হয়। সংযুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ১৬ হাজার টাকা করা দাবি জানান।
তিনি বলেন, আজকে মে দিবসে যেসব কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে, সেসব কল-কারখানার মালিকদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-সদস্যদের অত্যাচার নির্যাতন বন্ধ ও জাতীয় বেতন স্কেলের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন। সংগঠনটির চেয়ারম্যান মোস্তফা কামাল সমাবেশে বলেন, সামান্য বেতন আর কারও কারও দয়া-অনুদানে গ্রাম পুলিশরা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। আমরা কারও দয়া-অনুদানে চলতে চাই না। কারও আজ্ঞাবহও হতে চাই না। আমাদের জন্য একটি বেতন স্কেল ঘোষণা করা হোক।
মে দিবস উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট, বাংলাদেশ পোশাক শিল্প ফেডারেশন, রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, ইসলামি শ্রমিক আন্দোলন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট, ঢাকা মহানগরী প্রাইভেট কার ও ট্যাক্সি ক্যাব ড্রাইভার্স ইউনিয়ন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদসহ আরও বহু সংগঠন মিছিল, সমাবেশ, মানববন্ধন করেছে।
শ্রমিক নেতারা বলেছেন মে দিবসের প্রধান দাবি ৮ ঘণ্টা কর্ম দিবস ২২ লাখ সরকারি কর্মকর্তা, কর্মচারীদের ক্ষেত্রে বাস্তবায়িত হলেও কোটি কোটি বেসরকারি শ্রমিক কর্মচারীরা এখনো ৮ ঘণ্টা কর্ম দিবসের সুফল পাচ্ছেন না। জাতীয় নূন্যতম মজুরি ঘোষণা এবং আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকদের অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিতের দাবি জানায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। গত বুধবার মে দিবসের সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক শ্রমিক সমাবেশ থেকে ‘গণতান্ত্রিক’ শ্রম আইন ও শ্রম বিধিমালা প্রণয়নেরও দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ন্যায়সঙ্গত অধিকার, সামাজিক মর্যাদা ও সুরক্ষা থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। একদিকে তারা বাঁচার মত মজুরি পাচ্ছে না, অন্যদিকে ন্যায্য মজুরির অধিকার আদায়ে অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার থেকেও তারা বঞ্চিত হচ্ছে।
কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে টিইউসি সভাপতি সহিদুল্লাহ চৌধুরী বলেন, রানা প্লাজা, তাজরীণ গার্মেন্টসহ বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড, দুর্ঘটনায় বিশ্ব বিবেক জাগ্রত হলেও আমাদের শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত হয়নি। দেখা যাচ্ছে যে কোনো দুর্ঘটনায় বেশিরভাগই প্রাণ হারাচ্ছে শ্রমজীবী মানুষ।
শুধুমাত্র কারখানা বা কর্মক্ষেত্র নয়, যে কোনো জায়গায় শ্রমিক-শ্রমজীবীদের জীবনই সবচেয়ে বেশি অনিরাপদ। দেশের মোট শ্রমশক্তির ৯০ শতাংশের বেশি ‘অসংগঠিত খাতের শ্রমিক’ জানিয়ে প্রবীণ এ শ্রমিক ইউনিয়ন নেতা বলেন, নির্মাণ, চাতাল, শিপ ব্রেকিং, গার্মেন্ট, ওয়েল্ডিংসহ বিভিন্ন শিল্প, কারখানা-প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ট্রেড ইউনিয়ন করতে না দেওয়ায় অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে কোনো ধরনের দরকষাকষি করতে পারছে না। আট ঘণ্টা শ্রম, আট ঘণ্টা বিশ্রাম, আট ঘণ্টা বিনোদন, শোভন কাজ ও ন্যায্য মজুরিসহ যে দাবিগুলোর ভিত্তিতে মে দিবসের সৃষ্টি, দেশের শ্রমিক কর্মচারীরা তা থেকে এখনও বঞ্চিত বলে অভিযোগ করেন তিনি। আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ নম্বর শর্তে শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বাংলাদেশে শ্রমিকদের সেই গণতান্ত্রিক অধিকার ‘হরণ’ করা হচ্ছে বলে অভিযোগ করেন টিইউসির নেতারা।
তারা বলেন, মুক্তবাজার অর্থনীতির দাপটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। পরিবার-পরিজন নিয়ে শ্রমজীবী মানুষদের এখন বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে। টিইউসির সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, তৈরি পোশাক খাত দেশের সবচেয়ে বড় শিল্প খাত হলেও শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় তা চার সদস্যের একটি ছোট পরিবারের বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। একই দেশে দুটি শ্রম আইন কোনোভাবেই থাকতে পারে না। ইপিজেডের জন্য আলাদা শ্রম আইন করা হয়েছে। এটা নিয়ম বহির্ভূত। অথচ পার্টিসিপেটরি কমিটির নামে পোশাক শিল্পসহ নতুন নতুন শিল্পের শ্রমিক-কর্মচারীদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা হচ্ছে।
আমরা বলতে চাই, এসব পার্টিসিপেটরি কমিটি কখনোই ট্রেড ইউনিয়নের বিকল্প হতে পারে না গৃহ শ্রমিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, গ্রামের নারী ও শিশুরা শহরে গৃহ শ্রমিকের কাজ করতে এসে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। অনেককে লাশ হয়ে ফিরে হচ্ছে, কোনো প্রতিকার নেই। ২০১৬ সালে সরকার গৃহ শ্রমিকদের সুক্ষায় নীতিমালা করেছিল। কিন্তু ওই নীতিমালার বাস্তবায়ন হচ্ছে না। ফলে দিন দিন গৃহ শ্রমিকদের উপর নির্যাতন-নিপীড়ন বেড়েই চলেছে।
‘স্বার্থান্বেষী মহল’ শ্রমিক ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে বলেও শ্রমিকদের হুঁশিয়ার করেন ওয়াজেদুল ইসলাম খান। এরা শ্রমিক শ্রেণির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। নানা কৌশলে তারা শ্রমিকদের মধ্যে দ্বিধা-বিভক্তি সৃষ্টি করে এবং শ্রমিক আন্দোলনে আপসকামিতা সৃষ্টি করে আন্দোলনকে দুর্বল করার চেষ্টায় লিপ্ত। আমাদের এসব ষড়যন্ত্র, দ্বিধা-বিভক্তি, আপকামিতার বিষয়ে সজাগ থাকতে হবে। এই শ্রমিকনেতা জাতীয়-আন্তর্জাতিক ‘শ্রমিকবিরোধী শক্তির’ বিরুদ্ধে লড়াই-সংগ্রামের আহ্বান জানিয়ে মে দিবসের সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ৮ দফা দাবি তুল ধরেন।
জাতীয় ন্যনতম মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন, শ্রম আইন ও শ্রম বিধি প্রণয়ন ছাড়াও শ্রমিকের জন্য রেশন চালু করে স্বল্পমূল্যে চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে ভাতা দেওয়া, নারী ও পুরুষ শ্রমিকদের সমান মজুরি, প্রসূতিকালীন ছুটি এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার দাবি রয়েছে ওই আট দফার মধ্যে। অন্যদের মধ্যে টিইউসির সহ-সভাপতি মাহবুব আলম, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, টিউসি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আসলাম খান সমাবেশে বক্তব্য দেন। এছাড়াও দেশের প্রতিটি জেলা-উপজেলায় মে দিবসের কর্মসূচি পালিত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত