বলিউডের মেগাস্টার হিসেবে পরিচিত অমিতাভ বচ্চন। জীবন্ত কিংবদন্তি এই অভিনেতা অনেক দিন ধরে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ উপস্থাপনা করছেন। এবার ওই অনুষ্ঠানেই নিজের চোখে সেরা নায়িকা কে, তা প্রকাশ করলেন অমিতাভ।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে জানা যায়, অমিতাভ বচ্চনের কাছ থেকে প্রশংসা পাওয়া যে কারো কাছেই স্বপ্নের মতো ব্যাপার। আর তার উপরে যদি ‘সেরা’র তকমা আসে বিগ বি-র কাছ থেকে, তাহলে খুশির মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে উপস্থিত প্রতিযোগীকে একটি নারীকণ্ঠ শোনানো হয়। এর পর সেই কণ্ঠটি কার, তা জানতে চাওয়া হয় ওই প্রতিযোগীর কাছে। উত্তর হিসেবে কঙ্গনার নাম উঠে এলে তা সঠিক বলে জানান অমিতাভ। এর পর কঙ্গনার প্রশংসায় এতটুকু কার্পণ্য করেননি এ মহাতারকা।
এ সময় অমিতাভ বলেন, ‘কঙ্গনা রানাউত ভীষণ সুন্দরী, বিখ্যাত ও নাম্বার ওয়ান শিল্পী। তিনি জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।’
অমিতাভের এই ভূয়সী প্রশংসা সম্পর্কে কঙ্গনার মতামত জানা যায়নি এখনো। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে আগামীতে ধর্ম প্রোডাকশনস ও ফক্স স্টুডিও প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ চলচ্চিত্রে দেখা যাবে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে অয়ন মুখার্জির এ ছবি। এতে প্রধান চরিত্রে আরো রয়েছেন নাগার্জুন, রণবীর কাপুর ও আলিয়া ভাট। এ ছাড়া তামিল সিনেমায় অভিষেক হতে চলেছে অমিতাভের।
অন্যদিকে কঙ্গনা রানাউতকে সর্বশেষ ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’ ছবিতে দেখা যায়। চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা পেলেও বক্স অফিসে তেমন সাড়া পায়নি ছবিটি। তিনি এখন রাজনীতিক-অভিনেত্রী জয়ললিতার জীবনীভিত্তিক ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর আগে অবশ্য অশ্বিনী আইয়ার তিওয়ারির ‘পাঙ্গা’ ও অ্যাকশন ছবি ‘ধাকাড়’-এর শুটিং শেষ করেছেন।














