বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের একটি ছবির মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের স্বামী অভিষেক বচ্চন।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের অনলাইন সংস্করণ সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন ‘বব বিশ্বাস’ ছবিতে অভিনয় করবেন অভিষেক।
২০০০ সালে জে পি দত্তের ‘রিফুজি’ সিনেমা দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন অভিষেক বচ্চন। ছবিটি বক্স অফিসে সাড়া জাগাতে পুরোপুরি ব্যর্থ হয়। পরে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু কোনো ছবিই তাঁকে ‘আয় করা’ অভিনেতা হিসেবে প্রমাণ করতে পারেনি। মহাতারকা অমিতাভ বচ্চনের সন্তান হওয়া সত্ত্বেও আশানুরূপ দর্শকপ্রিয়তা পায়নি তাঁর ছবি। অবশ্য ২০০৬ সালে ঐশ্বরিয়া রাই অভিনীত ‘গুরু’ ছবিতে অভিনয় করে নায়ক হিসেবে কিছুটা মনোযোগ আকর্ষণ করেছিলেন।
তবে অভিষেক অভিনীত একাধিক তারকাখচিত সিনেমাগুলো হিট হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ‘ধুম টু’, ‘দস্তানা’, ‘পা’, ‘বোল বচ্চন’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘হাউসফুল থ্রি’। অভিষেককে সর্বশেষ ‘মনমর্জিয়া’ ছবিতে দেখা গেছে, যেটি গত বছরের ৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল; বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। এর পর থেকে তারকাবহুল ছবিতেও প্রস্তাব পেতে বেগ পেতে হচ্ছে অভিষেককে। এবার সেই বিরতি ভাঙলেন শাহরুখ খান। ‘বব বিশ্বাস’-এ দেখা যাবে বিগ বি-র পুত্রকে।
সুজয় ঘোষ পরিচালিত ‘বদলা’ একইসঙ্গে চলচ্চিত্রবোদ্ধাদের মন ও বক্স অফিস জয় করেছিল। ফের তাঁর সঙ্গে ‘বব বিশ্বাস’-এ কাজ করছেন শাহরুখ। শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও সুজয়ের বাউন্ড স্ক্রিপ্ট প্রডাকশন যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। এ ছবির মাধ্যমে বড়পর্দার পরিচালক হিসেবে অভিষেক হতে চলেছে দিয়া অন্নপূর্ণা ঘোষের, ২০১৮ সালে যাঁর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সুজয় ঘোষের ‘কাহানি’ ছবির একটি চরিত্র বব বিশ্বাস। অভিষেক বচ্চন এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।














