জাহাজে আটকে পড়া ২৮ নাবিক উদ্ধার

bcv24 ডেস্ক    ১২:৫২ পিএম, ২০২২-০৩-০৪    86


 জাহাজে আটকে পড়া ২৮ নাবিক উদ্ধার

ইউক্রেনের বন্দরে হামলার শিকার ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ইউক্রেনে বসবাসরত কিছু বাংলাদেশি বৃহস্পতিবার ঢাকার সময় সন্ধ্যার দিকে তাদের জাহাজ থেকে নামিয়ে আনেন। অলভিয়া বন্দর থেকে দুই কিলোমিটার দূরত্বে সীমান্ত কাছাকাছি একটি শেল্টার হাউজে তাদের রাখা হয়েছে। সেখানে বাংকারও আছে। গোলাগুলি বা বোমা হামলা হলে নাবিকদের বাংকারে যাওয়ার সুযোগ রয়েছে। তাদের সুবিধাজনক সময়ে সীমান্ত দিয়ে পোল্যান্ড হয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের লাশও জাহাজ থেকে নিয়ে আসা হয়েছে। মরদেহটি মর্চুয়ারিতে সংরক্ষণ করা হয়েছে।

এদিকে হামলার শিকার এমভি বাংলার সমৃদ্ধি জাহাজকে পরিত্যক্ত ঘোষণা করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়। ২০১৮ সালে জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হয়েছিল। বৃহস্পতিবার বিকালে ওই জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে নাবিকদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল এ মন্ত্রণালয়। একই সময়ে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে চিঠি দেয় নৌপরিবহণ অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

নাবিকদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। যুগান্তরকে তিনি বলেন, নাবিকদের জাহাজ থেকে নামানো হয়েছে। লাশও আনা হয়েছে। তাদের পোল্যান্ডে নেওয়া হবে। পোল্যান্ডে না নেওয়া পর্যন্ত তারা নিরাপদ তা বলা যাবে না। অপরদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও সাংবাদিকদের নাবিক উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। এদিকে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন যুগান্তরকে বলেন, ইউক্রেনে অবস্থিত বাংলাদেশিদের সহযোগিতায় নাবিকদের জাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে। তাদের পোল্যান্ডে আনা হবে। সেখান থেকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলার সমৃদ্ধি জাহাজটি ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়। ২০১৮ ও ২০১৯ সালে এটি ছাড়াও বাংলার জয়যাত্রা, বাংলার অর্জন, বাংলার অগ্রগতি, বাংলার অগ্রযাত্রা ও বাংলার অগ্রদূত নামের জাহাজও বহরে যুক্ত হয়। চীন সরকারের অর্থায়নে সংগ্রহ করা এ ছয়টি জাহাজ নির্মাণে ব্যয় হয় এক হাজার ৮৪৩ কোটি টাকা। আক্রান্ত বাংলার সমৃদ্ধি জাহাজটি সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ডেল্টা কর্প পিটিইর আওতায় চার্টারে চলছিল। এ জাহাজ নির্মাণ ব্যয়ের টাকা এখনো পরিশোধ করা শুরু করেনি বিএসসি। আরও জানা গেছে, যুদ্ধকালীন দুর্যেগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় অবস্থানরত সব নাবিক জাহাজ ত্যাগ করলে আন্তর্জাতিক শিপিং নিয়ম অনুযায়ী সেটি পরিত্যক্ত ঘোষণা ছাড়া বিকল্প থাকে না। তবে বিমা থাকায় বিএসসি এটির ক্ষতিপূরণ পাবে।

প্রসঙ্গত, জাহাজটি ২৯ জন নাবিক নিয়ে তুরস্কের ইলাগলি বন্দর থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙরে যায়। গত ২৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় ২১টায় পাইলটের মাধ্যমে এটিসহ মোট ২১টি জাহাজ কনভয় আকারে ইনার অ্যাংকরেজে পৌঁছায়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হলে জাহাজটি সেখানে আটকে পড়ে। জাহাজে ২৯ জন নাবিক ছিল। তাদের মধ্যে হাদিসুর রহমান মারা যাওয়ায় বাকি ২৮ জন জীবিত উদ্ধার হলেন। তাদের মধ্যে দুজন নারী নাবিকও রয়েছেন।

জানা গেছে, কৃষ্ণ সাগর থেকে ৬০ নটিক্যাল মাইল ভেতরের চ্যানেলে অলভিয়া বন্দরটি অবস্থিত। ওই চ্যানেলে সাতটি বিপজ্জনক বাঁক রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর কোনো পাইলট ওই চ্যানেলে জাহাজ চলাচলে দিকনির্দেশনা দিতে রাজি হননি। এছাড়া চ্যানেলটিতে মাইন বসানো ছিল। এসব কারণে গত ২৫ ফেব্রুয়ারি জাহাজটি বন্দর ত্যাগের চেষ্টা করেও পারেনি। ওই জাহাজেই অবস্থান করেন নাবিকরা। বুধবার জাহাজে রকেট হামলা হয়। এতে থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান।  

এদিকে হামলায় জাহাজের ভেতরের অংশে ক্ষয়ক্ষতির কিছু স্থির ও ভিডিওচিত্র যুগান্তরের হাতে এসেছে। এতে দেখা গেছে, হামলায় ব্রিজের (জাহাজের ওপরের অংশ যেখান থেকে এটি পরিচালনা করা হয়) ভেতরে ভেঙেচুরে একাকার। কন্ট্রোল বোর্ড, প্যানেল বোর্ডসহ সব যন্ত্রপাতি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভেঙে চুরমার হয়ে গেছে জাহাজের সামনের সব গ্লাস। এছাড়া সব ধরনের রাডার, ক্যাম্পাস ও অ্যান্টিনা নষ্ট হয়ে গেছে। ব্রিজের সামনের পাটাতনে রকেটের আঘাতে বড় আকারের গর্ত হয়ে গেছে। নৌপরিবহণ মন্ত্রণালয় বিএসসি সূত্র জানিয়েছে, ব্রিজ ছাড়া জাহাজের ইঞ্জিন ও অন্যান্য অংশ অক্ষত রয়েছে।

এদিকে বাংলার সমৃদ্ধি জাহাজ হামলার ঘটনায় সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহণ মন্ত্রণালয়ে বৈঠক করেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর সুমন মাহমুদ সাব্বিরসহ সংশ্লিষ্টরা। পরে নৌপ্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগে জীবন, পরে সম্পদ। জাহাজ যেহেতু আনা যাচ্ছে না, সেহেতু জাহাজ থেকে নাবিকদের উদ্ধারের চেষ্টা চলছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে যোগাযোগ করছেন। আপাতত জাহাজ রেখে আমরা নাবিকদের নিরাপদে স্থানান্তরের চেষ্টা করছি। সূত্রগুলো আরও জানিয়েছে, রকেট হামলার পর থেকে জাহাজের নাবিকরা চরম আতঙ্কের মধ্যে ছিলেন। জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃতদেহ উদ্ধারের পর ফ্রিজে রাখার ঘটনা তাদের মধ্যে ভীতির সঞ্চার করে। এ অবস্থায় জীবিত নাবিকরা জাহাজ থেকে নেমে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়েন। তারা বেঁচে থাকার জন্য আকুতি-মিনতি করে ভিডিওবার্তা ছাড়েন। অনেক ক্ষেত্রে জাহাজের ক্যাপ্টেন জিএম নুরে আলমের কমান্ডও তারা লঙ্ঘন করার মতো অবস্থায় চলে যান। এসব ঘটনায় জাহাজের চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম হয় বলে নৌপরিবহণ অধিদপ্তরকে জানিয়েছেন ওই জাহাজের ক্যাপ্টেন জিএম নুরে আলম। একই সঙ্গে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা এবং নাবিকদের বের করে আনার অনুমতিও চেয়ে ইমেইল বার্তা পাঠান তিনি। ওই ইমেইল বার্তার পরিপ্রেক্ষিতে জাহাজটি পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত নেয় নৌপরিবহণ মন্ত্রণালয়।

জাহাজে হামলার ঘটনা রাশিয়া তদন্ত করছে -পররাষ্ট্র সচিব : বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনা রাশিয়া তদন্ত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ কথা জানান। বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি রকেট হামলার শিকার হয়। স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে এ হামলা হয়। এতে জাহাজে আগুন ধরে যায়। নিহত হন হাদিসুর রহমান। রাশিয়া এ হামলায় তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। পররাষ্ট্র সচিব বলেন, রাশিয়া হামলা করেছে এটার কনক্রিট এভিডেন্স কারও কাছে নেই। ফগ অব ওয়্যারে অনেক ধরনের গোলাগুলি হয়।

হাদিসুরের মৃত্যুতে রাশিয়ার শোক : ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় হাদিসুর রহমানের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রাশিয়া। ঢাকার রাশিয়া দূতাবাস বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানায়। বন্দরের ৩৩৬ অ্যাঙ্কারেজে বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এর জন্য কিয়েভকে দায়ী করেছে মস্কো।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নাগরিক ও বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান অলিভিয়া বন্দরে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। এটা হতাশাজনক ও বেদনাদায়ক। আমরা তার আপনজনের প্রতি গভীর শোক প্রকাশ করছি। বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়া সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

চট্টগ্রম ব্যুরো : বাংলার সমৃদ্ধিতে আটকে পড়া নাবিকদের বরাত দিয়ে চট্টগ্রাম ব্যুরো জানায়, বন্দর এলাকায় কিছুক্ষণ পরপর গোলার শব্দ। মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে রকেট। জীবনের নিরাপত্তা নেই এক মুহূর্তও। এমনি এক ভয়ংকর পরিবেশে ইউক্রেনের অলভিয়া বন্দরে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে আটকে আছেন বাংলাদেশি ২৮ নাবিক। আটকে পড়াদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তায় বাঁচানোর আকুতি জানান।

তাদের স্বজনরাও রয়েছেন চরম উদ্বেগ-উৎকণ্ঠায়। বুধবার জাহাজটিতে রকেট হামলায় প্রাণ হারিয়েছেন থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। হামলার পরপর ক্ষতিগ্রস্ত ওই জাহাজের পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়। জরুরি পাওয়ার সাপ্লাই নিয়ে নাবিকরা কোনোমতে সময় পার করছেন। ফুরিয়ে আসছে রসদ। অনিশ্চয়তার এই ঘোর অমানিশায় নাবিকদের কণ্ঠে ছিল কেবলই বাঁচার আকুতি। জাহাজটির ইঞ্জিন ক্যাডেট মৌ বাঁচার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিন ক্যাডেট মৌ। বাংলার সমৃদ্ধি জাহাজ থেকে বলছি। আমাদের শিপে বম্বিং করা হয়েছে। আমাদের থার্ড ইঞ্জিনিয়ার স্যার অলরেডি মারা গেছেন। আমরা এখনো শিপের মধ্যে আছি। আমরা সবাই চাচ্ছি এখান থেকে বের হতে। প্লিজ, আপনারা একটা উপায় বের করুন। আমাদের উদ্ধার করুন। আমরা এখানে আর থাকতে চাচ্ছি না।’

আরেক ভিডিওতে ডেক ক্যাডেট তুলি বলেন, ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ থেকে বলছি। আমাদের জাহাজে বম্বিং হয়েছে। আমরা সবাই খুব বিপদে আছি। আমাদের প্লিজ উদ্ধার করেন।’ জাহাজটির সেকেন্ডে ইঞ্জিনিয়ার আসিফ ইসলাম বাঁচার আকুতি জানিয়ে বলেন, ‘আমাদের একজন ডেড হইছে। আমাদের পাওয়ার সাপ্লাই নেই। জেনারেটর দিয়ে পাওয়ার চলতেছে। আমরা বিপদের সম্মুখীন হইছি। আমাদের বাঁচান প্লিজ। কোনো জায়গা থেকে আমাদের জন্য সাহায্য আসেনি।’ এদিকে বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশন অফিসে আটকে পড়া নাবিকদের অনেক স্বজন উপস্থিত হয়ে নাবিকদের উদ্ধারে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। যে কোনো মূল্যে স্বজনদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আকুতি জানান সরকার ও বিএসসির কাছে।

আটকে পড়া নাবিক ও ক্রুদের উদ্ধারের কার্যক্রম পররাষ্ট্র ও নৌপরিবহণ মন্ত্রণালয় শুরু করেছে বলে জানিয়েছেন বিএসসির নির্বাহী পরিচালক ড. পীযুস দত্ত। বৃহস্পতিবার সকালে বিএসসি ভবনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, আপাতত জাহাজ নয়; শুধু কর্মকর্তা ও ক্যাডেটদের কীভাবে উদ্ধার করা যায় সেই উপায় খোঁজা হচ্ছে। তিনি বলেন, জাহাজের কর্মকর্তা, অন্যান্য প্রকৌশলী, ক্রু ও নারী ক্যাডেটদের উদ্ধার তৎপরতা শুরু করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদারকি করছে। তিনি আরও বলেন, রকেট হামলায় নিহত হাদিসুর রহমান আরিফের লাশ আমরা ঘরে নেওয়ার চেষ্টা করছি। সকালে বিএসসি ভবনে দেখা গেছে, সেখানে আটকে পড়া নাবিকদের স্বজনরা ভিড় করছেন। তাদের উদ্ধারে কর্মকর্তাদের প্রতি আকুতি জানাচ্ছেন তারা। টিপু বিল্লাহ নামে আটকে পড়া এক নাবিকের বাবা ওবায়দুল হক ‘বুক চাপড়ে নিজের ছেলেসহ অন্য নাবিকদের উদ্ধারে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তার চোখে-মুখে দেখা গেছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত